যাত্রামোহন সেনগুপ্তের বাড়িতে স্থিতাবস্থা জারি

যাত্রামোহন সেনগুপ্তের বাড়িতে স্থিতাবস্থা জারি

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২১:৪০

চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়ির দখল ও অবস্থানের উপর স্থিতাবস্থা জারি করেছে হাই কোর্ট। অর্থাৎ, শিশুবাগ স্কুল হিসেবে পরিচিত ওই বাড়ি যে অবস্থায় আছে, ঠিক সে অবস্থাতেই থাকবে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ বুধবার (৬ জানুয়ারি) এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এম এম আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী আজিম পরে বলেন, “আদালত রুল জারি করে বিবাদীদের নির্দেশ দিয়েছেন, রুলের শুনানি না হওয়া পর্যন্ত বাড়িটিতে স্থিতাবস্থা বজায় থাকবে। আগামী ৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে।”

যাত্রামোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়িটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করার ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই স্থাপনাকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে রক্ষণাবেক্ষণের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading