রাজশাহীতে হানিফ বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:১০
রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দারিয়াপুর হাতাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তসলিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মাস্টারপাড়া এলাকার মৃত এজার উদ্দিন উদ্দিন মন্ডলের ছেলে।
খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন অর-রশিদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় গোদাগাড়ী মডেল থানার একটি দল। ঘটনাস্থল থেকেই মামুন অর-রশিদ জানান, তিন ছেলে ও তিন মেয়ের জনক বৃদ্ধ তসলিম উদ্দিন। গোদাগাড়ীর বালিয়াঘাটা এলাকায় জমি বর্গা চাষ করতেন তিনি। সেই জমি দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
জানা যায়, ওই বৃদ্ধ চাঁপাইনবাবঞ্জের দিক থেকে মহাসড়ক ধরে বাইসাইকেল নিয়ে আসছিলেন। বালিয়াঘাটায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। ওই আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

