এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:২৪
ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (এনআরবিসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি আইপিও আবেদনের তারিখ ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কাছে আবেদন করবে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে তারিখ চূড়ান্ত হবে।
ব্যাংকটি ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। এনআরবিসি ব্যাংক তালিকাভুক্ত হলে দেশে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৩১টিতে।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর ব্যাংকিং খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে গত ১৮ নভেম্বর আইপিও অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ বাবদ খাতে ব্যয় করবে।

