মেলানিয়ার ট্রাম্পের চিফ অব স্টাফের পদত্যাগ
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৩:০৯
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম পদত্যাগ করেছেন। আমেরিকার পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভের ঘটনায় তিনি এই সিদ্ধান্ত নেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্টেফানি গ্রিশাম এর আগে হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ডিরেক্টর ও প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ফার্স্ট লেডির চিফ অব স্টাফের দায়িত্ব পান। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার বিকালে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার এই পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ট্রাম্প প্রশাসনে সবচেয়ে বেশি সময় ধরে কাজ করা ব্যক্তিদের একজন স্টেফানি গ্রিশাম। ২০১৫ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় প্রেস র্যাংলারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। হোয়াইট হাউজে সিন স্পাইসার-এর অধীনে প্রথম তিনি ডেপুটি প্রেস সেক্রেটারির দায়িত্ব পান। ২০১৭ সালে তাকে হোয়াইট হাউজের ইস্ট উইংয়ে নিয়ে যান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এক বিবৃতিতে স্টেফানি গ্রিশাম বলেছেন, ‘হোয়াইট হাউজে দেশের সেবা করা এটি একটি সম্মানের বিষয়। শিশুদের সহায়তার জন্য মিসেস ট্রাম্পের মিশনের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই প্রশাসনের বহু অর্জনের জন্য আমি গর্ববোধ করি।’ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অবশ্য স্টেফানি গ্রিশামের পদত্যাগের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ভোট গণনা ইস্যুতে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টার কারফিউ জারি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই কারফিউ শুরু হয়েছে, চলবে সকাল ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হয়েছে, চলবে বিকাল ৫টা পর্যন্ত)। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার পর ডিস্ট্রিক অব কলাম্বিয়ার (ডিসি) মেয়র মুরিল বসের এই কারফিউ জারি করেন। এদিকে, কারফিউ চলাকালেই হাউস অব কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের কারণে স্থগিত হয়ে যাওয়া অধিবেশন আবারও শুরু করার ঘোষণা দিয়েছেন।

