বিদ্যুতের বকেয়া বিল সাড়ে ৮ হাজার কোটি টাকা
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:৪০
সারাদেশে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা রয়েছে আট হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে বেসরকারি খাতে ছয় হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ। আর সরকারি বিভিন্ন দপ্তরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ৭৪৬ কোটি ৮৬ লাখ টাকা। সরকারি খাতের মধ্যে স্থানীয় সরকার বিভাগের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা সবচেয়ে বেশি- ৬৯৪ কোটি ৯২ লাখ টাকা। আধা সরকারি খাতে বকেয়া রয়েছে ১৯৭ কোটি ১১ লাখ টাকা।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের কার্যপত্র থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া বিলের এই তথ্য জানা গেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বলেন, “বকেয়া বিল আদায়ে আইনি যা যা পদক্ষেপ আছে তা নিতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিবকে আমরা বলেছি সচিব কমিটির বৈঠকে যেন সংশ্লিষ্ট সচিবদের কাছে বিষয়টি তুলে ধরেন।”

