আরব আমিরাতের রেকর্ড গড়া জয়
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:৪৫
সংযুক্ত আরব আমিরাত পেল টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেল। চুনদাঙ্গাপোয়েল রিজওয়ান ও মুহাম্মদ উসমানের সেঞ্চুরিতে এগিয়ে দেয় আমিরাতকে।
শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকে লড়াই করে যান পল স্টার্লিং। তবে এই ওপেনারের সেঞ্চুরিও যথেষ্ট হলো না আয়ারল্যান্ডের জন্য।
আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শুক্রবার (৮ জানুয়ারি) প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আমিরাত। ২৭০ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে দলটি। আইরিশদের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের প্রথম জয়।
অপরাজিত ১৩১ রানের চমৎকার ইনিংস খেলেন স্টার্লিং। রোমাঞ্চকর লড়াইয়ে প্রায় দুইশ রানের জুটিতে ব্যবধান গড়ে দেন রিজওয়ান ও উসমান।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৫১ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান রিজওয়ান ও উসমান। চতুর্থ উইকেটে তারা তোলেন ১৮৪ রান। ১৩১ বলে ৯ চার ও এক ছক্কায় ১০৯ রান করে রিজওয়ানের বিদায়ে ভাঙে জুটি।
১০৬ বলে তিন অঙ্ক ছোঁয়া উসমান ফিরেন দলের জয়কে সঙ্গী করে। ১০৭ বলে তিন ছক্কা ও সাত চারে ১০২ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ওয়াহিদ আহমেদ শেষ দিকে দুই চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ১৮ করে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডকে ভালো শুরু এনে দেন স্টার্লিং। আশা জাগালেও নিজের ইনিংস বড় করতে পারেননি কেভিন ও’ব্রায়েন।
দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবার্নি ও স্টার্লিংয়ের শতরানের জুটিতে দৃঢ় ভিতের উপর দাঁড়ায় আইরিশরা। ক্যারিয়ারে দশম ফিফটি করে আয়ারল্যান্ড অধিনায়ক ফিরলে ভাঙে ১০২ রানের জুটি। ৬১ বলে ৫ চারে ৫৩ করা বালবার্নিকে ফেরান আহমেদ রাজা।
নিজের পরপর দুই ওভারে হ্যারি টেক্টর ও লর্কান টাকারকে ফেরান অফ স্পিনার রোহান মুস্তফা। দুই ব্যাটসম্যানের কেউই যেতে পারেননি দুই অঙ্কে।
দ্রুত তিন উইকেট হারানো আয়ারল্যান্ডকে টানেন স্টার্লিং। শেষ দিকে তাকে কিছুটা সঙ্গ দেন কার্টিস ক্যাম্পার ও গ্যারেথ ডেলানি।
৬৭ বলে ফিফটি করা স্টার্লিং ১৩৩ বলে তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ১৪৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১৩১ রানে অপরাজিত থাকেন এই ওপেনার।

