ইন্ডিয়ায় হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

ইন্ডিয়ায় হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১১:১৬

ইন্ডিয়ার মহারাষ্ট্রের এক হাসপাতালে ভয়াবহ আগুনে লেগে মারা গেছে ১০ নবজাতক। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজ এইটিনের প্রতিবেদনে জানানো হয়েছে মহারাষ্ট্রের ভান্ডারা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভান্ডারার সিভিল সার্জন প্রমোদ খানদাতে জানান, শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগে। সেখানে ১৭ শিশুর চিকিৎসা চলছিল। একজন নার্স প্রথম এই বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত হাসপাতালের অন্য কর্মী ও চিকিৎসকদের খবর দেন।

প্রমোদ খানদাতে আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা। খবর পাঠানো হয় ফায়ার সার্ভিসকে। তারা এসে শুরু করে উদ্ধারকাজ। সাত শিশুকে উদ্ধার করা গেলেও অন্য ১০ শিশু মারা যায়। এদের বয়স এক থেকে তিন মাস।

উদ্ধার করা সাত শিশুকে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। আইসিইউ ওয়ার্ড, ডায়ালাইসিস ইউনিট ও লেবার ওয়ার্ডের রোগীদেরও সরিয়ে নেওয়া হয় অন্যত্র।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে চারতলা ভবনের হাসপাতালটিতে আগুন লাগতে পারে।

শিশুদের মৃত্যুর ঘটনাকে হৃদয়বিদারক আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading