ট্রাম্পের হাত থেকে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ সরানোর দাবি
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১০:৫৫
আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বার্তার মাধ্যমে ক্যাপিটল ভবনে হামলার ইন্ধনের অভিযোগ ছিল। এনিয়ে ট্রাম্পকে অপসারণ করার দাবি জোরালো হচ্ছে ক্রমেই। এরই মধ্যে ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে তার কাছ থেকে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ন্যান্সি পেলোসি ।
কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি আশঙ্কা প্রকাশ করেছেন, ট্রাম্প পরমাণু হামলাও চালাতে পারেন। ট্রাম্পকে ‘ঠেকাতে’ আমেরিকার শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, ট্রাম্পকে অপসারণ করার প্রক্রিয়া শুরু করারও উদ্যোগ নিয়েছেন পেলোসি।
হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার পেলোসি বলেন, ‘‘কার্যকালের শেষ পর্যায়ে ভারসাম্যহীন প্রেসিডেন্ট দেশে যাতে সামরিক সংঘাত শুরু না করতে পারেন অথবা পারমানবিক অস্ত্রভাণ্ডারের লঞ্চকোড তার হাতে না আসে কিংবা পারমানবিক হামলা শুরুর নির্দেশ দিতে না পারেন, সে বিষয়ে সমস্ত সতর্কতা নেওয়ার বিষয়ে আলোচনা করেছি।’’
ট্রাম্পকে আটকাতে যেসব সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে জয়েন্ট চিফস চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন পেলোসি। এ নিয়ে ডেমোক্র্যাট নেতাদের ইতিমধ্যেই একটি চিঠি দিয়েছেন তিনি। ওই চিঠিতে পেলোসি জানিয়েছেন, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছায় সরে না গেলে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত তারা।
এমনকি, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু না করলে সেই প্রক্রিয়া তিনিই শুরু করবেন বলেও জানান পেলোসি।

