ফোয়াদ নাসের বাবুর হার্টে রিং পরানো হয়েছে
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:১৮
ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর হার্টে একটি রিং (স্ট্যান্ট) পরানো হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী দিনা নাসের।
৯ জানুয়ারি তিনি বলেন ‘বাবুর হার্টে একটি রিং (স্ট্যান্ট) পরানো হয়েছে। এখন মোটামুটি ভালো আছে শুনেছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’
দিনা নাসের জানান, ‘শুক্রবার ( ৮জানুয়ারি ) সন্ধ্যা থেকেই বাবুর (ফোয়াদ নাসের বাবু) খুব অস্থির লাগছিল। একবার বসে, একবার দাঁড়ায়। পায়চারি করছিল। বলছিল, বুকের ভেতরটা কেমন জানি চাপ দিয়ে ধরছে। তবে ব্যথার কথা আমাকে কিছু বলেনি। রাতে পরিস্থিতি আরেকটু খারাপ হলে হাসপাতালে ভর্তি করাই।’
শারীরিক অসুস্থতা অনুভব করলে ফোয়াদ নাসের বাবুকে ৮জানুয়ারি রাত সাড়ে ১১টায় মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর চিকিৎসকেরা নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন তার হার্ট অ্যাটাক হয়েছে।
এদিকে ফোয়াদ নাসের বাবুর অসুস্থতার খবর জানতে পেরে দ্রুত হাসপাতালে ছুটে যান শওকত আলী ইমন, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, রিপন খান, পার্থ মজুমদার, সুজন আরিফ প্রমুখ। তাঁরা ফোয়াদ নাসের বাবুর হার্টে স্ট্যান্ট পরানো পর্যন্ত হাসপাতালে ছিলেন।
দেশের অন্যতম সংগীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু। ব্যান্ড পরিচালনার পাশাপাশি সংগীত পরিচালক হিসেবে টানা পাঁচ দশক কাজ করে চলেছেন তিনি। ব্যান্ডের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রের সংগীত, নাটকের আবহসংগীত, অডিও ও চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন।

