স্বাধীনতা শেষ হয় যখন কেউ মিথ্যা ছড়ায়, অন্যকে আঘাত করে: জয়
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৭:১৫
টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন ব্যক্তি এবং সস্থাকে নিষিদ্ধ করেছে যারা মিথ্যা তথ্য ছড়িয়েছে যেগুলো আমেরিকায় সহিংসতার সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘অন্যের ক্ষতি করার অধিকার কারও নেই। এটিই মার্কিন আমেরিকার বাকস্বাধীনতার সীমা।’
শনিবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেন, প্রত্যেকেরই বাক স্বাধীনতার অধিকার রয়েছে, কিন্তু সেই স্বাধীনতা তখনই শেষ হয় যখন কেউ মিথ্যা ছড়ায় যা অন্যের ক্ষতি করে।
জয় আরও লেখেন, ‘আমি চাই ঢাকায় আমেরিকার দূতাবাস এবং পশ্চিমা অন্য দূতাবাসগুলো এই পোস্ট থেকে নোট নিক। আমরা ভবিষ্যতে বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে আপনাদের কাছ থেকে আর ভণ্ডামিপূর্ণ বিবৃতি দেখতে চাই না।’
বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যারা অভিযোগ করেন তাদের উদ্দেশে জয় বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার বেসরকারি প্রতিষ্ঠানকেও আদেশ জারির ক্ষমতা দেয়। আমরা মনে করি, বাংলাদেশে এই সিদ্ধান্ত বেসরকারি প্রতিষ্ঠানের নয়, হওয়া উচিত আদালতের।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়া এবং হামলার ঘটনায় ফেসবুক ও টুইটার থেকে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট বন্ধ করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশন চলার সময় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক এ হামলা চালায়।

