এসকে সিনহার বিরুদ্ধে হচ্ছে আরও ২ মামলা
উত্তরদক্ষিণ | শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৭:৪৫
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে আরও দুটি মামলা হচ্ছে। উচ্চ আদালতে দায়িত্বে থাকার সময় অবৈধপথে অর্থ উপার্জন ও জাল জালিয়াতির অভিযোগে মামলাগুলো হতে পারে বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘বিভিন্ন মাধ্যমে এসকে সিনহা হুন্ডিসহ অর্থপাচার করেছেন। এর মধ্যে সেই টাকা দিয়ে আমেরিকার নিউ জার্সিতে ২০১৮ সালে বাড়িও কিনেছেন। এ ছাড়া আমেরিকায় থাকেন সিনহার ভাই। যার ফলে বিভিন্ন সময়ে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করা হয়েছে। এ ছাড়া উত্তরাতেও আমরা প্লট পেয়েছি। আর এই প্লটটি তার ভাইয়ের নামে রাজউক থেকে অনুমোদন করা।’
অভিযোগের সত্যতা আসায় আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাবো—বলেন দুদক কমিশনার।
উল্লেখ্য, দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৫ সালে শপথ নেন এসকে সিনহা। এরপর ২০১৭ সালে ছুটি নিয়ে তিনি বিদেশে যান। এমনকি দুর্নীতির অভিযোগ আসায় আপিল কাজে সে সময় তার সঙ্গে বিচারপতিরা কাজ করতে অসম্মতি জানান। এমন অবস্থায় বিদেশে থেকেই পদত্যাগ করেন এসকে সিনহা।

