ইরানের প্রতি সমর্থন জানালেন প্রেসিডেন্ট পুতিন
উত্তরদক্ষিণ। সোমবার (২৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:০০
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ওই বৈঠকে ইরানি জনগণ চলমান এই ‘‘কঠিন সময়’’ কাটিয়ে উঠবে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বৈঠকে আমেরিকা ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে, ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল মস্কো। এছাড়া উত্তেজনা প্রশমনের উপায় হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় গচ্ছিত রাখার প্রস্তাবও বারবার দিয়ে আসছে ক্রেমলিন। যদিও আমেরিকা এখন পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ করেনি।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরাগচিকে পুতিন বলেছেন, ‘‘আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব; যাতে আপনাদের এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করা যায়।’’
ইউডি/এবি

