রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ | আপডেট: ২০:১৫
রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমার কখন ফেরত নিয়ে যাবে তা বলা মুশকিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। ১৯৭৮ সালে দেখেছি, ১৯৯২ সালে দেখেছি। তখন অনেক রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। ১৯৯২ সালে প্রায় ২ লাখ ৫৩ হাজার রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আলোচনার মাধ্যমে তারা ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গা ফেরত নিয়েছে। সেজন্য আমরা আশাবাদী। এখনো তারা নিয়ে যাবে। কিন্তু কখন তা বলা মুশকিল।’
রবিবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলামের দুই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রকাশিত বই দুটি হলো- ‘রোহিঙ্গা-নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী ও শেষ সীমান্তের পর কোথায় যাবো আমরা’। অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা খড়িমাটি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর ৩০ জানুয়ারির পর আমাদের বড় মিটিং হয়েছে। এরপর তারা কোভিডের বাহানা দিয়ে, তারপর ইলেকশনের বাহানা দিয়ে এ বিষয়গুলো পিছিয়ে নিয়েছে। তবে এবার তাদের দেশে ইলেকশন শেষ। আমরা আশা করছি যে, আবার নতুন করে আলোচনা শুরু করতে পারবো। আজকেও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ পৃথিবীতে মডেল সৃষ্টি করেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যারা একাই ১১ লাখ শরণার্থী আশ্রয় দিয়েছে। ইরাক, ইরান ও সিরিয়ার ১০ লাখ শরণার্থীকে ইউরোপের ২৭ টি দেশ ভাগ করে নিয়েও সামলাতে হিমশিম খাচ্ছে। আর এখানে প্রধানমন্ত্রী মানবিক কারণে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। প্রথমে কিন্তু বিদেশিরা কেউ সাহায্য করেনি। আমাদের এখানকার মানুষরাই তাদেরকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে। এই মহানুভবতা আর কোথায় আছে? আমরা এটার মাধ্যমে আদর্শ সৃষ্টি করেছি, মডেল সৃষ্টি করেছি; যে বাঙালিরা মানুষ। তারা মানুষকে মানবিকতা দেখাতে জানে।’

