চিকিৎসা শেষে দেশে ফিরলেন অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৪২
প্রায় দেড়মাস পর ফলোআপ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রবিবার (১১ জানুয়ারি) রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। তাকে বহনকারী বিমানটি রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অর্থমন্ত্রী গত ২৮ নভেম্বর ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। গতকাল রাতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।
এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেবেন তিনি। মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনের শর্ত পূরণ করতে গিয়ে চিকিৎসা শুরু করতে বেশি সময় নিয়েছেন চিকিৎসকরা। যদিও সিঙ্গাপুরে থাকা অবস্থাতেই ই-ফাইলিং কার্যক্রমের আওতায় মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। এছাড়া দেড় মাসে অনলাইন প্লাটফর্মগুলোর মাধ্যমে ভার্চুয়ালি অংশ নিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪টি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। এসব বৈঠকে করোনা সংকট মোকাবিলা, সার ও চাল ক্রয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভাগুলোতেও অংশ নেন অর্থমন্ত্রী।
এর আগে, অক্টোবরে চিকিৎসার জন্য দুবাই গিয়েও করোনা ভাইরাসের কারণে সৃষ্টি হওয়া জটিলতায় সঠিক চিকিৎসা নিতে পারেননি তিনি। ফলে আবারও তিনি নভেম্বরে সিঙ্গাপুরে যান।
দেশে ফিরেই চলমান সিঙ্গাপুর সফরের মধ্যে, করোনাকালীন সংকট উপেক্ষা করে রিজার্ভ, রেমিটেন্সে রেকর্ড অর্জন করায় দেশের মানুষকে ধন্যবাদ দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া, তার সুস্বাস্থ্য কামনায় সর্বস্তরে দোয়া কামনা করায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

