আজকের বাংলাদেশকে বিশ্বের সবাই সম্মান করে: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪০
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় সরকারের পক্ষে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। তিনি বলেন, ‘আজকের বাংলাদেশকে বিশ্বের সবাই সম্মান করে। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে পারার কারণে সরকারের পক্ষে তা করা সম্ভব হয়েছে।’
সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বক্তব্য দেন।
তিনি বলেন, ‘একসময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা ও গরীব রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। এখন আর বাংলাদেশকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। কীভাবে একটি রাষ্ট্র উন্নয়ন করেছে, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে তার জন্য বিশ্বজুড়ে এক উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ। উন্নয়নের এই ধারা ধরে রেখে এগিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, প্রেক্ষিত পরিকল্পনা এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ সরকারের লক্ষ্যগুলোর ধারাবাহিকতা বজায় রাখার মধ্যে দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
জাতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কারণে ২০২১ সালকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন।
বিগত তিনটি সাধারণ নির্বাচনে জয়যুক্ত করে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দেয়ার জন্য দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
‘আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলব যেখানে কেউ গৃহহীন থাকবে না। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। আমরা শিক্ষা থেকে স্বাস্থ্যসেবাসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ করব। আমরা চাকরির সুযোগ তৈরির মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব,’ বলেন শেখ হাসিনা।
পদ্মা সেতু সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশেরই কিছু স্বনামধন্য মানুষ। এটা দুর্ভাগ্যের বিষয়, সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে এত বড় প্রকল্পে বাধা দেয়া হয়েছিল।

