স্কুলছাত্রী ধর্ষণ: দিহানের বাড়ির নিরাপত্তাকর্মী দুলাল আটক
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৩০
কলাবাগানে বেসরকারি একটি স্কুলের ছাত্রীকে ধর্ষণ-হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহানদের বাড়ির নিরাপত্তাকর্মী দুলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে কলাবাগান এলাকা থেকেই পুলিশ ‘হেফাজতে’ নেওয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান জানান।
বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনার পর থেকেই দুলাল নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে দিহানের পরিবারের তরফ থেকে বলা হচ্ছিল।
পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, “তাকে কলাবাগান থানায় পুলিশি হেফাজতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। মামলায় তার সংশ্লিষ্টতা সরাসরি না থাকলেও ঘটনার দিন সে দিহানদের বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিল।”
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে বন্ধু দিহানের বাসায় গিয়ে ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন মারা যান। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে দিহান তার বন্ধুদের ডেকে তাদের সহযোগিতায় আনুশকাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শুধুমাত্র দিহানকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা মো. আল-আমিন। পরে হাসপাতাল থেকেই দিহান ও তার তিন বন্ধুকে কলাবাগান থানা পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বাকি তিনজনকে ছেড়ে দিয়ে দিহানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

