জাকাতের অর্থ আত্মসাৎ: সাঈদীসহ ৬ জনের বিচার শুরুর আদেশ
উত্তরদক্ষিণ | সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৮:১৫
ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাঈদীর উপস্থিতিতে সোমবার (১১ জানুয়ারি) ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠন হয়। বিচারক সৈয়দা হোসনে আরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ঠিক করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইফার মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস। এদের মধ্যে সাঈদীসহ চারজন আদালতে হাজির থাকলেও আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক রয়েছেন।
আদালতে উপস্থিত আসামিরা অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন।

