ইরান ও পাকিস্তানের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে: ইমরান খান
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:৫৫
আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা রয়েছে ইরানের, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গবেষকদের সঙ্গে এক বৈঠকে ইমরান খান এসব কথা বলেন। বৈঠকে তিনি ইরানের ওপর মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, “আমার দল যখন ক্ষমতা নিয়েছিল তখন হয়ত পাকিস্তানের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক সন্তোষজনক পর্যায়ে ছিল না কিন্তু এখন আমি বলতে পারি- দু দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।”
একই সঙ্গে তিনি আশা করেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা উঠে যাবে।
২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাসহ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন।
ইমরান খান বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ইরান এবং পাকিস্তানের মধ্যকার বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। এর আগেও বিভিন্ন উপলক্ষে ইমরান খান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যম ব্যক্তিত্ব এবং গবেষকদের সঙ্গে বৈঠকে ইমরান খান আরো বলেছেন, ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বাড়ানোর ব্যাপারে সাম্প্রতিক বছরগুলোতে একটি ভালো সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে।

