ইন্ডিয়ায় কৃষি আইন নিয়ে সর্বোচ্চ আদালতে রায় আজ

ইন্ডিয়ায় কৃষি আইন নিয়ে  সর্বোচ্চ আদালতে রায় আজ

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৫৬

মঙ্গলবার (১২জানুয়ারি) নতুন ৩ কৃষি আইন নিয়ে রায় জানাতে চলেছে সুপ্রিম কোর্ট।
সোমবার (১১ জানুয়ারি) এ বিষয়ে আইন নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করে সর্বোচ্চ আদালত। এদিন শুনানির সময় দেশের সর্বোচ্চ আদালত বলেছিল, কৃষি আইন নিয়ে যতগুলো হলফনামা জমা পড়েছে তাদের কাছে, তার একটাতেও এই ৩ আইনের স্বপক্ষে কিছু বলা হয়নি। তবে, নতুন কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্ট যে মধ্যস্থতাকারী কমিটি গড়ার প্রস্তাব দেয়, তা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি।

কৃষক বিদ্রোহ বন্ধ করতে কেন্দ্রের সদিচ্ছার অভাব, আইন প্রণয়নে একগুঁয়েমি বিষয়টি উল্লেখ করেন ইন্ডিয়ার প্রধান বিচারপতি এস এ বোবদে। প্রধান বিচারপতি বলেন, ‘‘কৃষি আইন রদ করতে কেন কোনও সাড়া নেই? কেন্দ্র এই আইন বাতিল করতে রাজি হলে তবেই আমরা কৃষকদের আলোচনার টেবিলে বসতে বলব। স্পষ্ট করে বলুন, আপনারা রদ করবেন, নাকি আদালত করবে? আমরা বুঝতে পারছি না, কেন যে কোনও প্রকারে এই আইন চালু করতে চাইছে সরকার।’’

এরই মধ্যে, নতুন কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাস্তায় আন্দোলনকারী কৃষকরা ট্রাক্টর র‌্যালি করার পরিকল্পনা করেছিলেন। তা আটকাতেও দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে কেন্দ্র যে হলফনামা জমা দিয়েছে, তাতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক গুরুত্ব, সাংবিধানিক গুরুত্বের দিকটি উল্লেখ করা হয়েছে।

২৬ জানুয়ারি সেই অনুষ্ঠানের আগে ২৩ জানুয়ারি রয়েছে মহড়া। ২৮ জানুয়ারি এনসিসি-র র‌্যালি, ৩০ জানুয়ারি শহিদ দিবস। প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি এই অনুষ্ঠানগুলির উল্লেখ করে ইন্ডিয়ার কেন্দ্র সরকার বলেছে, ‘‘উপরের অনুষ্ঠানগুলিতে বাধা দেওয়া শুধুমাত্র আইন ভাঙা বা সরকারি নির্দেশ অমান্য করা নয়। তা জাতির কাছেও অস্বস্তির।’’

কৃষি আইন সংক্রান্ত একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে দেশের শীর্ষ আদালতে ট্রাক্টর র‌্যালি রদের বিষয়টি উল্লেখ করে কেন্দ্র। তখন আদালত কেন্দ্রের সলিসিটর জেনারালকে এ নিয়ে হলফনামা দিতে বলেন। তার পরই এই আবেদন করে কেন্দ্র। কৃষি আইন বাতিল নিয়ে একাধিক মামলার একত্রে শুনানি করছে দেশটির শীর্ষ আদালত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading