অস্বাভাবিক উত্থান-পতন হওয়া শেয়ার তদন্তের নির্দেশ বিএসইসি’র
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৪৫
সাম্প্রতিক সময়ে বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং কিছু কোম্পানির দাম কমেছে। এর পেছনে কোনো কারসাজি রয়েছে কি না- তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিএসইসির উপপরিচালক মোহাম্মদ শামসুর রহমানের সই করা এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
ওই আদেশের কপি উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে পাঠানো হয়েছে। তবে আদেশে নির্দিষ্টভাবে কোনো কোম্পানির বিরুদ্ধে তদন্তের কথা উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি রবি আজিয়াটা, ডোমিনেজ স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, এডিএন টেলিকমসহ আরও বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

