পগবার গোলে শীর্ষে উঠলো ইউনাইটেড

পগবার গোলে শীর্ষে উঠলো ইউনাইটেড

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১০:৪৫

লিভারপুলের পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দিলেন পল পগবা। বার্নলিকে হারিয়ে লিভারপুলকে টপকে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (১২ জানুয়ারি) ১-০ গোলে জিতেছে উলে গুনার সুলশারের দল। প্রতিযোগিতার সফলতম দলটির এটি টানা তৃতীয় জয়।

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা ইউনাইটেড প্রথম সুযোগ পায় সপ্তদশ মিনিটে। বাঁ দিক থেকে লুক শর নিচু ক্রস ডি-বক্সে খুঁজে পায় ব্রুনো ফের্নান্দেসকে। তবে গোলরক্ষক নিক পোপ বরাবর শট নেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

দুই মিনিট পর আরেকটি সুযোগ পায় তারা। ফের্নান্দেসের ক্রসে ডি-বক্সে অঁতনি মার্সিয়ালের ওভারহেড কিকে বল লাগে প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে। একটু পর নেমানিয়া মাতিচের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে উড়িয়ে মারেন মার্সিয়াল।

২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় গত মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে ২-০ গোলে হারানো বার্নলি। ডি-বক্সে ক্রিস উডের শট ইউনাইটেডের ডিফেন্ডার এরিক বেইলির গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।

৩৬তম মিনিটে সতীর্থের ক্রসে কাছ থেকে হেডে জালে বল পাঠিয়েছিলেন হ্যারি ম্যাগুইয়ার। তবে লাফিয়ে হেড নেওয়ার সময় তিনি বার্নলির এক ডিফেন্ডারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করায় ফাউলের বাঁশি বাজান রেফারি।

অবশেষে ৭১তম মিনিটে দলকে এগিয়ে নেন পগবা। ডান দিক থেকে মার্কাস র‍্যাশফোর্ডের ক্রসে ডি-বক্সে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি মিডফিল্ডার। বল বার্নলির ম্যাট লোটোনের পায়ে লেগে জালে জড়ায়।

শেষ দিকে সমতায় ফেরার দুটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্নলি। যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি মার্সিয়াল।

১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading