অভিশংসন প্রচেষ্টা সম্পূর্ণ হাস্যকর: ট্রাম্প
উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১১:০০
মেয়াদের শেষ সময়ে অভিশংসনের জন্য ডেমোক্র্যাট শিবিরের প্রচেষ্টাকে পুরোপুরি হাস্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
৬ জানুয়ারি আমেরিকার পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের পর ১২ জানুয়ারি প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেদিনের ঘটনায় পাঁচ জন নিহত হয়। আহত হয় আরও অনেকে। তবে ওই তাণ্ডবের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউজের কাছে এক সমাবেশে নিজের হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। এ সময় তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে প্রত্যয়নকারীদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। ওই সমাবেশ থেকেই পরে ক্যাপিটল ভবনে গিয়ে তাণ্ডব চালায় তার উগ্র সমর্থকরা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তার সেদিনের বক্তব্য বিশ্লেষণ করে দেখা হয়েছে। তার ভাষায়, ‘জনগণ মনে করছে, আমি যা বলেছি তা ছিল সম্পূর্ণ সঠিক।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকে অভিশংসনের প্রচেষ্টাকে ‘রাজনীতির ইতিহাসে, ভিন্ন মতাবলম্বীদের হয়রানি করার সবচেয়ে বাজে প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেন। ২০১৯ সালের অভিশংসন প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি অব্যাহতভাবেই চলে আসছে।’
ট্রাম্প বলেন, বাইডেন যখন দায়িত্ব নিচ্ছেন তখন তিনি আর কোনও সহিংসতা চান না। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের অভিশংসন প্রস্তাব তাকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে।

