বাংলাদেশের সেরা অস্ত্র সাকিব: উইন্ডিজ অধিনায়ক

বাংলাদেশের সেরা অস্ত্র সাকিব: উইন্ডিজ অধিনায়ক

উত্তরদক্ষিণ | বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:৩০

ক্রিকেট বিশ্বকে আবার মহিমান্বিত করবেন আপন সৌরভে! তিনি আর কেউ নন, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড, পোস্টার বয়, দেশসেরা তারকা সাকিব আল হাসান।

সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষাও ফুরোচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে তাকে দেখা যাবে লাল-সবুজের জার্সিতে।

দীর্ঘ সময় পর সাকিব ফিরছেন ২২ গজে। ব্যাট-বল হাতে ঝড় তোলার তীব্র ক্ষুধা থাকবে তার। প্রতিপক্ষকে একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতাও রয়েছে। সেজন্য সাকিবকে নিয়ে বেশ সতর্ক ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সাকিবকে স্বাগতিকদের সেরা অস্ত্র বললেন নির্দ্বিধায়, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র।’

৫৬ টেস্টে ৩৮৬২ রান ও ২১০ উইকেট পাওয়া সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ম্যাচে ৭৪৫ রান ও ৫৬ উইকেট পেয়েছেন। দেশের মাটিতে সবশেষ দুই টেস্টেও সফরকারীদের ভুগিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। বোলিংয়ে দুই টেস্টে ৯ উইকেট পেয়েছেন, ব্যাটিংয়ে করেছিলেন ১১৬ রান। সিরিজ সেরার পুরস্কারটাও উঠেছিল তার হাতে। তাইতো তাকে নিয়ে বেশ সতর্ক অতিথিরা।

পাশাপাশি বাংলাদেশ দলকে বেশ সমীহ করছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক। ব্র্যাথওয়েট বললেন, ‘রহিম (মুশফিকুর) খুব ভালো খেলোয়াড়। তাদের দলে মাহমুদউল্লাহও আছে। অভিজ্ঞ খেলোয়াড় আছে। পাশাপাশি বাংলাদেশ তাদের মাটিতে খেলবে। ভালোমানের স্পিনার এবং সামর্থ্যবান ব্যাটসম্যান আছে। কিন্তু আপনি যদি নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি সফল হবেন।’

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading