আবারও অভিশংসিত ট্রাম্প

আবারও অভিশংসিত ট্রাম্প

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:৪২

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করেছে সেনেটের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ। তবে তার মেয়াদ আরো এক সপ্তাহ বাকি থাকলেও তাকে এখনই হোয়াইট হাউজ ছাড়তে হচ্ছে না। কারণ এই সময়ের মধ্যে সেনেট আবার গঠন করা সম্ভব নয়।

গত সপ্তাহের ক্যাপিটলের দাঙ্গার ঘটনায় “বিদ্রোহে উস্কানি” দেয়ার কারণে তাকে অভিশংসিত হতে হলো।

তার নিজের দল রিপাবলিকান এর ১০ জন সদস্য ট্রাম্পের বিপক্ষে গিয়ে ভোট দিয়ে তাকে অভিশংসিত করে। ট্রাম্পের অভিশংসনের পক্ষে ২৩২ ভোট এবং বিপক্ষে ১৯৭ ভোট পড়ে।

তিনি যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি দুই বার অভিশংসিত হয়েছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে যাকে অপরাধ সংগঠনে জড়িত থাকার কারণে অভিযুক্ত করা হয়েছে।

ট্রাম্প এখন সেনেটে বিচারের সম্মুখীন হবেন। দোষী সাব্যস্ত হলে তিনি ক্ষমতায় আসার সুযোগ চিরতরে হারাতে পারেন।

গত নভেম্বরে জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়ার পর আগামী ২০শে জানুয়ারি ক্ষমতা ছাড়তে হবে তাকে।

বুধবার অভিশংসনের ভোট হওয়ার আগে বেশ কয়েক ঘণ্টা ধরে বিতর্ক অনুষ্ঠিত হয় ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউজ অব রেপ্রেজেন্টেটিভসে। সেসময় ক্যাপিটলের ভেতরে এবং বাইরে ন্যাশনাল গার্ডের সশস্ত্র সেনারা পাহারা দিয়েছেন।

আগামী সপ্তাহে জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ওয়াশিংটন ডিসি এবং ৫০টি অঙ্গরাজ্যের সবকটিতে সশস্ত্র বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বলে ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই সতর্ক করেছে।

কংগ্রেসে ভোটের পর প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প তার অনুসারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি যে অভিশংসিত হয়েছেন সেই বিষয়টি উল্লেখ করেননি।

তিনি বলেন, “সহিংসতা এবং ভাঙচুরের কোন জায়গা নেই আমাদের দেশে। আমার সত্যিকারের কোন সমর্থক কখনোই রাজনৈতিক সহিংসতাকে সমর্থন দেবে না”।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading