বাইডেনের শপথ অনুষ্ঠানে গাইবেন গাগা, অপেক্ষায় বিশ্ববাসী

বাইডেনের শপথ অনুষ্ঠানে গাইবেন গাগা, অপেক্ষায় বিশ্ববাসী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪৪

৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসাবে জো বাইডেনের অভিষেকের সাক্ষী থাকবে গোটা বিশ্ব৷ ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পথে শপথ নেবেন বাইডেন৷ জোর কদমে চলছে তারই প্রস্তুতি। ওই দিন ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ভাইস-প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবেন কমলা হ্যারিসও৷

শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জে.ও’ডোনোভ্যানের প্রার্থনা৷ যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন৷ এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইউথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান৷ জাতীয় সঙ্গীত শোনা যাবে লেডি গাগার গলায়৷ সঙ্গীত পরিবেশনা করবেন জেনিফার লোপেজ৷

বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে অত্যন্ত তৎপর পুলিশ প্রশাসন৷ ওই দিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করে ২০ হাজার সেনা ওয়াশিংটনে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ প্রধান রবার্ট কোনটি জানিয়েছেন, রাজধানীতে ন্যাশনাল গার্ডের ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হতে পারে।

এছাড়াও সাধারণ মানুষকে স্থানীয় প্রশাসনের তরফে শপথগ্রহণ অনুষ্ঠানে উপলক্ষে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানানো হয়েছে সকলকে৷ কার্যত বাইডেনের শপথগ্রহণের আগে লকডাউন গোটা ওয়াশিংটনে৷

বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান মূলত ভার্চুয়াল ইভেন্ট হতে চলেছে৷ ‘আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচদিন ধরে এই অনুষ্ঠানের সম্প্রচার করা হবে৷ এছাড়াও ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ সম্প্রচার হবে৷ এই অনুষ্ঠান হোস্ট করবেন বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্ক৷ থাকবে জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক এবং ডেমি লোভাটোর পারফরম্যান্স৷ সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান৷

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading