বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:০১
বগুড়ায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।
হতাহত সবাই বাসের যাত্রী। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম বানিউল আনাম।
নিহতদের একজন হলেন- জেলার শাজাহানপুর উপজেলার ওমরদিঘি গ্রামের তসলিম উদ্দীনের ছেলে জামাল হোসেন (৪২)। অন্যজনের পরিচয় বলতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে জেলার শেরপুর উপজেলার ঘোগা বটতলা সেতু এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর থানার এসআই তন্ময় বর্মণ।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
ট্রাকটিতে সিমেন্টের খুঁটি ছিল বলে তিনি জানান।
পরিদর্শক বানিউল আনাম বলেন, আহত ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

