ব্রিটেন ফেরতদের ৪ দিনের কোয়ারেন্টিন, নতুন করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা
উত্তরদক্ষিণ | শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৩৮
১৫ জানুয়ারি থেকে ব্রিটেনফেরত যাত্রীদের মাত্র চার দিন কোয়ারেন্টিনে থাকার আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। এতে করে করোনার নতুন ধরনটি দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কয়েকদিন আগেও ব্রিটেন থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও দুই সপ্তাহের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত ছিল।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা প্রাদুর্ভাবের শুরুতে হোম কোয়ারেন্টিনের ভুল পদক্ষেপে আজ বাংলাদেশে সংক্রমণ ছড়িয়েছে। ফের ভুল পদক্ষেপ নেওয়া হলে বড় খেসারত দিতে হবে। গত কয়েকদিনে অনেকটা কমে এলেও এতে আবার বেড়ে যেতে পারে সংক্রমণের হার।
হঠাৎ কেন চার দিনের কোয়ারেন্টিন ঘোষণা করলো স্বাস্থ্য অধিদফতর, জানতে চাইলে অধিদফতরের নির্ভরযোগ্য সূত্র জানায়, ভিআইপিদের তদবিরের কারণেই অধিদফতর এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
সূত্র জানায়, ব্রিটেনফেরতদের মধ্যে ভিআইপির সংখ্যা বেশি। তারা কোনওভাবেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে রাজি না। তারা নানান তদবির করেন বেরিয়ে আসার জন্য। তাই ৭২ ঘণ্টার ব্যবধানে দুটি পরীক্ষায় পজিটিভ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।
প্রসঙ্গত, ব্রিটেনে করোনার নতুন ধরন (ভেরিয়েন্ট) শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীদের জন্য কড়াকড়ি আরোপ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

