আধুনিক থ্রিলারের অগ্রদূত ‘দ্য নেম অব দ্য রোজ’

আধুনিক থ্রিলারের অগ্রদূত ‘দ্য নেম অব দ্য রোজ’

উত্তরদক্ষিণ | রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:০০

সুপ্রাচীন রহস্য, শব্দমোড়া গুপ্তসংকেত, রহস্য উন্মোচনে ব্যস্ত সুতীক্ষ্ণ মেধা, এসব মিলিয়ে অসাধারণ থ্রিলার রচনার পথিকৃৎ উমবার্তো একো (১৯৩২-২০১৬)। তিনি ইতালির মানুষ। মধ্যযুগ ও বাইবেল বিশেষজ্ঞ, দার্শনিক, সিম্বোলজিস্ট, রাজনৈতিক-সামাজিক ঘটনাপ্রবাহের মনোযোগী বিশ্লেষক, বহুভাষাবিদ এবং ঔপন্যাসিক। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চারটি বিশ্ববিদ্যালয়- ইয়েল, কলাম্বিয়া, হার্ভার্ড ও অক্সফোর্ডে অধ্যাপনা করা এই বিদ্বান মানুষটির মনীষার গভীরতা সহজেই অনুমেয়। সারা জীবনে অনেকগুলো মননশীল বই লিখেছেন উমবার্তো একো। তার মধ্যে অন্যতম উপন্যাস – দ্য নেম দ্য অব রোজ (১৯৮০)। প্রকাশের পরপরই দারুণ সাড়া ফেলে দেয় বইটি। ১৯৮৩ সালে এর ইংরেজি অনুবাদ করেন উইলিয়াম উইভার। সারা বিশ্বে ৫০ মিলিয়ন কপির ওপরে বিক্রি হয়েছে এটি। ফরাসি পত্রিকা লা ম্যঁন্ড একে শতাব্দীর সেরা একশ’ বইয়ের তালিকায় ১৪ তম স্থান দেয়।

বইটি নিয়ে ১৯৮৬ সালে একই নামের চমৎকার সিনেমা হয়েছে। উইলিয়াম অব বাস্কারভিল চরিত্রে অভিনয় করেছেন সদ্যপ্রয়াত শন কনারি। আর অ্যাডসো চরিত্রে ছিলেন কিশোর ক্রিশ্চিয়ান স্ল্যাটার। সিনেমার পরিচালক ছিলেন অস্কার জয়ী জ্যঁ জ্যাক আনাদ।

কাহিনীর সময় ১৩২৭ খ্রিষ্টাব্দ। রোমান ক্যাথলিক চার্চের একটি শাখার নাম ফ্রান্সিসকান। এর প্রতিষ্ঠাতা মরমী খ্রিষ্টান সাধক সাইন্ট ফ্রান্সিস অব আসিসি (১১৮১/৮২-১২২৬)। এই ফ্রান্সিসকান শাখার এক বিদগ্ধ সদস্য উইলিয়াম অব বাস্কারভিল। বইয়ের শুরুতে দেখা যায়, উত্তর ইতালির এক বেনেডিক্টান মনাস্টারিতে তিনি ধর্মতাত্ত্বিক বিষয়ে বাহাস করতে আসেন।

মনাস্টারিতে আসার পথে উইলিয়াম অব বাস্কারভিলের সাথে এলো নবীন শিক্ষানবিশ অ্যাডসো। যেদিন তারা মঠে পৌঁছলেন, সেদিনই খুন হয় আরেক সন্ন্যাসী এডেলমো অব অন্ট্রাটো। মঠাধ্যক্ষ অ্যাবো অব ফসানোভা উইলিয়ামকে অনুরোধ করেন এই বিষয়ে তদন্ত করতে। কাজে নেমে উইলিয়াম জানতে পারেন, এডেলমো অব অন্ট্রাটো আটকোণাকৃতির লাইব্রেরির একটি জানালা দিয়ে বাইরে পড়ে গেছেন। এখন পড়ে গেছেন, না কেউ ফেলে দিয়েছে সেটা জানতে হলে তো সেখানে ঢুকতে হবে। কিন্তু প্রথমেই বাধা। গোলকধাঁধাময় সেই লাইব্রেরিতে কিছুতেই তাদের ঢুকতে দেবে না সেখানকার কর্তৃপক্ষ।

পরেরদিন আরেক সন্ন্যাসী ভেনাটিয়াস অব স্যালভামেসকে মৃত পাওয়া গেল শূকরের রক্ত ভর্তি বড় চৌবাচ্চায়। দৃশ্যকল্প বড় নৃশংস। ব্যস, শুরু হয়ে গেল সিম্বোলিজম (চিহ্নবিদ্যা), গুপ্তসংকেত, পারস্পরিক অবিশ্বাস-সন্দেহ আর টান টান উত্তেজনাময় ইঁদুর-বিড়াল খেলা। আবার এর মাঝেই বাহাসে অংশ নিতে চলে এসেছে পোপের প্রতিনিধিদল।

মধ্যযুগের ইতিহাস, চিন্তাধারা ও বাইবেল-ঐতিহ্যের ওপর অসামান্য দখল আছে বলেই একো এসব বিষয়ের সুষম সমাবেশ ঘটাতে পেরেছেন। তার সুদক্ষ কলমে উইলিয়াম অব বাস্কারভিল চরিত্রে এরিস্টটলের লজিক (যুক্তিবিদ্যা), সেইন্ট এক্যুইনাসের ধর্মদর্শন আর রজার বেকনের বাস্তব কান্ডজ্ঞানের সমন্বয় হয়েছে। তার সাথে যোগ হয়েছে কবিসুলভ তীর্যক রসিকতা আর যোদ্ধার অদম্য কৌতূহল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading