নীতিমালা করে হকারদের পুনর্বাসন করা হবে: রেজাউল করিম চৌধুরী
উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৮:৫৭
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছেন হকারদের সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে পুনর্বাসন করার।
রবিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, গণমানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনৈতিক অঙ্গীকার। মেয়র নির্বাচিত হলে আমি ক্ষুদ্র ব্যবসাযীদের কল্যাণে বিশেষ প্রকল্প চালু করতে উদ্যোগ নেবো। ফুটপাতে যারা ব্যবসা করে, জীবিকা চালায় তাদের ব্যাপারে সুস্পষ্ট একটি নীতিমালা সকলের সমম্বয়ে প্রণয়ন করবে সিটি করপোরেশন যাতে হকাররা ব্যবসা চালাতে পারে এবং জনসাধারণের চলাচলেও বিঘ্ন না ঘটে।
রেজাউল করিম চৌধুরী বলেন, একটি আধুনিক, মানবিক, ব্যবসাবান্ধব ও গতিময় নগরী গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিন। আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। নগরবাসীকে নিয়ে এই শহরকে গড়তে চাই। যাতে করে ব্যবসায়ীরা নিরাপদ, যানজটমুক্তভাবে ব্যবসায় পরিচালনা করতে পারে।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, মোতালেব চৌধুরী, প্রবীর দাশ তপু, শওকত হোসেন, নুরুল আকবর, নুরুল করিম, কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম, মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগ প্রমুখ।
মতবিনিময় সভায় হকার্স নেতৃবৃন্দ বলেন, যে ব্যক্তি দেশমাতৃকার জন্য পারিবারিক জৌলুস ও আয়েশ আমোদ ছেড়ে জীবনের মায়া ভুলে সশস্ত্র হানাদারের বিরুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করতে পারে তার ওপর আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যাশাকে সম্মান জানিয়েছেন। কারণ যিনি বীর, যিনি ত্যাগী, যিনি আদর্শে অবিচল সেই রেজাউল করিমের হাতে সর্বস্তর ও শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিহিত রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা নৌকার বিজয়ের জন্য মাঠে আছি এবং আগামী ২৭ তারিখ নৌকায় ভোট দিয়ে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।
পরে তিনি রিয়াজ উদ্দিন বাজার, জহুর হকার মার্কেট এলাকায় গণসংযোগ করেন।

