আক্রমণাত্মক খেলে ইউভেন্তুসকে হারালো ইন্টার মিলান

আক্রমণাত্মক খেলে ইউভেন্তুসকে হারালো ইন্টার মিলান

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:২৫

ম্যাচ জুড়ে আক্রমণাত্মক খেলে ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার মিলান। শুরুতেই দলকে এগিয়ে নিয়েছিলেন আর্তুরো ভিদাল। নিকোলো বারেল্লা নিজেও পান জালের দেখা। লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইন্টার। টানা তিন জয়ের পর হারল গত নয় আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

নিজেদের মাঠ সান সিরোয় রবিবার রাতে সেরি আয় শিরোপাধারীদের ২-০ ব্যবধানে হারিয়ে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা এসি মিলানের পাশে বসেছে আন্তোনিও কন্তের দল।

একাদশ মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদো কাছ থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি ইউভেন্তুস। পরের মিনিটেই ইন্টারকে এগিয়ে নেন মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে দলটিতে যোগ দেওয়া ভিদাল। ডান দিক থেকে বারেল্লার ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে বল জালে পাঠান চিলিয়ান এই মিডফিল্ডার।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। পাল্টা আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে রোমেলু লুকাকুর শট গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ঝাঁপিয়ে ফেরানোর পর বল পেয়ে যান লাউতারো মার্তিনেস। কিন্তু কাছ থেকে উড়িয়ে মেরে হতাশ করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

ম্যাচে ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচকে সেভাবে পরীক্ষায়ই ফেলতে পারেননি রোনালদো-মোরাতারা। ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পর্তুগিজ তারকার শট সহজেই ঠেকান হান্দানোভিচ। বিরতির আগে ডি-বক্সে দারুণ সুযোগ পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি লুকাকু।

আক্রমণে আধিপত্য ধরে রেখে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার বারেল্লা।

বাকি সময়ে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। চার বছর পর ইউভেন্তুসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ফিওরেন্তিনাকে ৬-০ গোলে হারানো নাপোলি। এক ম্যাচ বেশি খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে চারে রোমা।

১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আগের মতো পাঁচে আছে ইউভেন্তুস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading