নিরাপত্তা বিলের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ

নিরাপত্তা বিলের বিরুদ্ধে ফ্রান্সে বিক্ষোভ

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪১

বিতর্কিত নিরাপত্তা বিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এ বিলের বিরুদ্ধে রাজপথে নামে দেশটির হাজার হাজার মানুষ। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানী প্যারিস থেকে ২৪ জন এবং বাকিদের দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

তবে আয়োজকদের দাবি, প্রায় দুই লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পুলিশ। এ সময় অন্তত ১২ সশস্ত্র পুলিশ সদস্য আহত হয়। কোনও কোনও স্থানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

টুইটারে দেওয়া পোস্টে বিক্ষোভ মোকাবিলার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। পুলিশের দাবি, প্যারিসে বিক্ষোভস্থলের কাছেই অঘোষিত রেভ পার্টি থামাতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশের অনুমতি ছাড়াই পার্টির সাউন্ড সিস্টেম যুক্ত গাড়ি নিয়ে বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টা করে অনেকে।

যে বিলের বিরুদ্ধে এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে ২০২০ সালের নভেম্বরে সেটির অনুমোদন দেয় ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি। ২০২১ সালের মার্চে এটি সিনেটে পর্যালোচনার কথা রয়েছে। বিলটিতে সোশ্যাল মিডিয়ায় পুলিশের ছবি ও ভিডিও প্রচারকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীকে ড্রোন, সিসিটিভি ও বডি ক্যামেরার মাধ্যমে গণ নজরদারির অনুমতি দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading