ইন্ডিয়া উপহার হিসেবেও টিকা পাঠাবে: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৪৮
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েন, ইন্ডিয়া থেকে উপহার হিসেবেও করোনাভাইরাসের টিকা পাবে বাংলাদেশ। এই টিকা শিগগিরই দেশে পৌঁছাবে বলে আশা করছেন তিনি।
সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি বলেন, “ইন্ডিয়া থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে। এই উপহার হিসেবে কত টিকা আসছে সেই সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি ভালোই।”
বাংলাদেশ সরকারিভাবে ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার।
সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড ছাড়াও ইন্ডিয়া বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছেন ইন্ডিয়া সরকার।
উপহার হিসেবে ইন্ডিয়া কোন কোম্পানির কী পরিমাণ টিকা বাংলাদেশকে পাঠাবে, তা জানাতে না পারলেও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, উপহার হিসেবে পাওয়া টিকা সরকারের কেনা টিকার প্রথম চালানের ‘আগেও’ দেশে চলে আসতে পারে।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে সরকারের করা চুক্তি অনুযায়ী, ওই তিন কোটি ডোজ টিকা বাংলাদেশ পাবে ছয় মাসের মধ্যে। বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের টিকার ‘ডিস্ট্রিবিউটর’ হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা সরবরাহ করবে।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম কোভ্যাক্স এর আওতায় আরও আড়াই কোটি ডোজ টিকা আগামী জুনের মধ্যে বাংলাদেশ পাবে বলে সরকার আশা করছে।

