নায়িকা সায়নির বিরুদ্ধে নেতার মামলা

নায়িকা সায়নির বিরুদ্ধে নেতার মামলা

উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৪:৫১

টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা সায়নি ঘোষের বিরুদ্ধে মামলা করেছেন ত্রিপুরা ও মেঘালয়ের সাবেক রাজ্যপাল তথাগত রায়। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

২০১৫ সালে অভিনেত্রীর টুইটার থেকে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে এই ঘটনা শুরু হয়েছে। শিবলিঙ্গে জন্মনিরোধ পরানোর গ্রাফিক্স করা হয়েছিল তাতে। পোস্টের ক্যাপশনে ছিল, ‘এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর’।

ইন্ডিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির নেতা তথাগত রায়ের অভিযোগ, হিন্দু ধর্মের পবিত্রতাকে নষ্ট করছেন সায়নি। তাই ১৬ জানুয়ারি কলকাতার রবীন্দ্র সরোবর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

অভিযোগপত্রে তথাগত লেখেন, ‘আমি শিবের ভক্ত। ১৯৯৬ সালে শিবের পূজা দেওয়ার জন্য পায়ে হেঁটে কৈলাস-মানস সরোবর যাত্রা করেছিলাম। অভিনেত্রী সায়নি ঘোষের এই ছবিটি দেখে আমার ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে। আমার আবেদন, আপনারা এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করুন তার বিরুদ্ধে।’

এদিকে, অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন সায়নি। তার দাবি, ২০১৫ সালে তার অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল। তখনই এই কাণ্ডটি ঘটে। অ্যাকাউন্ট উদ্ধার করার পর তিনি সেই ছবিটি সরিয়েও ফেলেছিলেন।

সায়নির ভাষায়, ‘২০১৫ সালের টুইটটির বিষয়ে আমি অবগত ছিলাম না। যেই মুহূর্তে সেটিকে আমার নজরে আনা হয়, আমি সেটার তীব্র নিন্দা করে সবাইকে জানিয়ে ডিলিট করেছি। তবে আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে যে বিদ্বেষের সম্মুখীন আমায় হতে হয়েছে, তা দুঃখজনক।’

বিষয়টি নিয়ে গত ১৫ জানুয়ারি থেকে টুইটারে নতুন করে বাক-যুদ্ধ শুরু হয়। এতে পাল্টাপাল্টি মন্তব্য করেন তথাগত রায় ও সায়নি ঘোষ। তার আগের দিন একটি বাংলা টিভি চ্যানেলে অতিথি বক্তা হিসেব উপস্থিত হয়েছিলেন সায়নি। সেখানে তিনি বলেন, ‘‘যেভাবে ‘জয় শ্রী রাম’ স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত ভুল। উপরন্তু, এটি বাঙালি সংস্কৃতির মধ্যেও পড়ে না। ঈশ্বরের নাম ভালোবেসে বলা উচিত।’’

এরপরই ধর্ম নিয়ে পুরনো টুইটটির স্ক্রিনশট সামনে আসে।

সূত্র: টুইটার, আনন্দবাজার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading