৯ হাজার মানুষের কাফেলা আমেরিকার পথে
উত্তরদক্ষিণ | সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৩২
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আশ্রয় প্রত্যাশা করে হন্ডুরাস থেকে আমেরিকার দিকে মানুষের স্রোত প্রবল হচ্ছে। গুয়াতেমালা সীমান্তে আমেরিকা অভিমুখী হন্ডুরাসের কয়েক শ অভিবাসী ও আশ্রয়প্রার্থীর একটি কাফেলার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিবাসীদের এ মিছিল ঠেকাতে সীমান্তের ভাদো হোন্ডো গ্রামের রাস্তায় পাহারা বসিয়েছে গুয়াতেমালার পুলিশ ও সেনাবাহিনী।
কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়, গুয়াতেমালা অভিবাসন সংস্থার সরবরাহ করা ভিডিওতে দেখা যায়, কয়েক শ অভিবাসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি করছে। নিরাপত্তা বাহিনী অনেককে ফেরত পাঠাতে পারলেও কেউ কেউ তাদের ঠেলে পালিয়ে যাচ্ছে।
আমেরিকার উদ্দেশে রওনা হওয়া মানুষজনের আশা, জো বাইডেন আশ্রয়প্রার্থীদের স্বাগত জানাবেন।
গুয়াতেমালা অভিবাসন সংস্থার মুখপাত্র আলেজান্দ্রা মিনা বলেন, একটি ছোট দল বাধা পার হয়ে চলে গেছে। বাকিদের আটক করা হয়েছে। যারা বের হয়ে গেছে তাদের অবস্থান শনাক্ত করা হয়েছে।
হন্ডুরাসের এসব অভিবাসী হেঁটে গুয়াতেমালা পার হয়ে মেক্সিকোর দিকে যাচ্ছে। তাদের অধিকাংশই সহিংসতা এবং কোভিড-১৯ মহামারি সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় ও সাম্প্রতিক মারাত্মক ঘূর্ণিঝড়ের শিকার।
গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাতেই এক বিবৃতিতে হন্ডুরাস কর্তৃপক্ষকে তাদের জনগণের ঢল নিয়ন্ত্রণ করতে আহ্বান জানিয়েছেন।
তবে আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা সংস্থার দায়িত্বরত কমিশনার মার্ক মরগ্যান আশ্রয়প্রার্থীদের গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, ‘আপনাদের সময় ও অর্থ নষ্ট করবেন না। প্রশাসন পরিবর্তন হলেও আমেরিকার আইনের শাসন ও জনস্বাস্থ্যের বিষয়টি প্রভাবিত হবে না।’

