ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২১:০০
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা তিন সিরিজ জিতল তারা।
৪৩ ওভার ৪ বলে ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০০ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম জয়।
আইসিসি ওয়ানডে সুপার লিগে টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশের পয়েন্ট হলো ২০।
নিজের প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে আবার উজ্জ্বল মিরাজ। তরুণ এই অফ স্পিনার ২৫ রানে নেন ৪ উইকেট, ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা। আগের সেরাও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেবার ২৯ রানে ৪ উইকেট পেয়েছিলেন তিনি।
ম্যাচ জুড়ে দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজ ২ উইকেট নেন ১৫ রানে। আগের ম্যাচের নায়ক সাকিবেরও শিকার দুটি, ৩০ রানে।

