মোঁপেলিয়েকে উড়িয়ে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

মোঁপেলিয়েকে উড়িয়ে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

উত্তরদক্ষিণ | শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ | আপডেট: ০৯:৩৮

পিএসজি প্রথমার্ধে অসংখ্য সুযোগ নষ্টের মাঝে একবার জালের দেখা পেলেও বিরতির পর যেন গোল উৎসবে মেতে ওঠে। বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলা মোঁপেলিয়েকে উড়িয়ে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল প্যারিসের দলটি।

নিজেদের মাঠে শুক্রবার (২২ জানুয়ারি) রাতে লিগ ম্যাচটি ৪-০ গোলে জেতে শিরোপাধারীরা। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। একটি করে গোল আক্রমণভাগের অন্য দুই সেনানী নেইমার ও মাউরো ইকার্দির।

দশম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ আসে পিএসজির সামনে। ডান দিক থেকে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির নিচু ক্রসে ছয় গজ বক্সে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি ইকার্দি, ডাইভ দিয়ে বলের নাগাল পাননি নেইমারও।
১৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় মোঁপেলিয়ে। ডি-বক্সের বাইরে এমবাপেকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন গোলরক্ষক জোনাস ওমলিন। পরে ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।

৩৪তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। মাঝমাঠের কাছ থেকে নেইমার বল বাড়ান আনহেল দি মারিয়াকে। আর্জেন্টাইন তারকার পাস ডি-বক্সের সামনে খুঁজে পায় এমবাপেকে। ভেতরে ঢুকে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

চার মিনিট পর নেইমারের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক। প্রথমার্ধে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে পিএসজি গোলের উদ্দেশে শট নেয় ১১টি, এর দুটি ছিল লক্ষ্যে।
৬০ থেকে ৬৩ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় স্বাগতিকরা। প্রথমে এমবাপের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পরের দুই গোল করেন যথাক্রমে ইকার্দি ও এমবাপে।

একটু পর লেইভিন কুরজাওয়ার অসাধারণ এক ওভারহেড কিকে বল ক্রসবারে লেগে ফেরায় ব্যবধান আর বাড়েনি।

২১ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে লিল দুইয়ে, ৪০ পয়েন্ট নিয়ে লিওঁ তিন নম্বরে আছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading