‘বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ন্যাক্কারজনক রাজনীতি করছে’

‘বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ন্যাক্কারজনক রাজনীতি করছে’

উত্তরদক্ষিণ | রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:১০

করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি ন্যাক্কারজনক রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের অন্ধ বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন নিজেদের জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিজ বাসায় এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি টিকা সংগ্রহের আগেই টিকা ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করেছিল। এখন তারা টিকার ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে।’ বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার একইসূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি। দলটি জনগণের কল্যাণের কথা চিন্তা না করে যেকোনও ইস্যু নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করে অভিযোগ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘‘যেমনটি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা চিকিৎসার চেয়েও রাজনীতি করেছে বেশি।’

দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা নির্মূল করে অসাম্প্রদায়িক ও উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে শেখ হাসিনার অব্যাহত প্রয়াসকে শক্তিশালী করতে হবে।’

দেশব্যাপী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে ইতোমধ্যে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে সব কাউন্সিলর বিদ্রোহ করছেন, তারাও কঠোর সাংগঠনিক শাস্তির আওতায় পড়বে।’ তিনি সবাইকে শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীর বিজয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading