এইচএসসি’র ফল: সংশোধিত আইনের গেজেট জারি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:২৫
করোনাভাইরাসের মহামারীর মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় গত বছরের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে আইন সংশোধন করে গেজেট জারি করেছে সরকার।
সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সই করার পর সোমবার রাতে তা গেজেট আকারে জারি করা হয়।
‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ গেজেট আকারে জারি হওয়ায় এখন পরীক্ষা ছাড়াই বিকল্প মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করতে কোনো বাধা থাকল না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, আইন তিনটির সংশোধন করে তা গেজেট জারি হলেই ফল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হবে।
আইনগুলো সংশোধন হওয়ায় এখন বিশেষ পরিস্থিতে অতিমারী, মহামারী, দৈব দুর্বিপাকের কারণে বা অনিবার্য পরিস্থিতিতে কোনো পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং সনদ করা সম্ভব না হলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দিয়ে কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে মূল্যায়ন এবং সনদ দেওয়ার নির্দেশ জারি করতে পারবে।

