হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে রণতরী মোতায়েন ব্রিটেনের

হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে রণতরী মোতায়েন ব্রিটেনের

উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ মে, ২০২৬, আপডেট ২০:১৮

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা রক্ষায় সম্ভাব্য বহুজাতিক মিশনে অংশ নিতে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর একটি রণতরী মোতায়েন করছে ব্রিটেন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হরমুজ প্রণালিতে রণতরী মোতায়েনের এই তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটেনের একাধিক সংবাদমাধ্যম বলেছে, এইচএমএস ড্রাগন নামের টাইপ-৪৫ বিধ্বংসী ওই রণতরীটি আগে সাইপ্রাসের কাছে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। এই রণতরী বর্তমানে ওই অঞ্চলে ‘প্রাক-অবস্থান’ গ্রহণ করবে এবং পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন বহুজাতিক মিশনে যোগ দেবে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রস্তাবিত এই মিশনের লক্ষ্য বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা নিশ্চিত করছি, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক জাহাজগুলোর সুরক্ষায় ভবিষ্যৎ বহুজাতিক মিশনের প্রস্তুতি হিসেবে এইচএমএস ড্রাগন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেন, এইচএমএস ড্রাগনের এই প্রাক-অবস্থান মূলত সতর্কতামূলক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে এটি নিশ্চিত করা হবে যে, পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ব্রিটেন ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে গঠিত বহুজাতিক জোটের অংশ হিসেবে প্রণালির নিরাপত্তায় ব্রিটেন প্রস্তুত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ব্রিটেন ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। এর প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় উভয় পক্ষ। পরবর্তীতে কোনও নির্দিষ্ট সময়সীমা ছাড়াই ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; যাতে সংঘাতের স্থায়ী সমাধানের জন্য কূটনীতির সুযোগ তৈরি হয়।

গত ১৩ এপ্রিল থেকে ওই জলপথে ইরানি নৌচলাচল লক্ষ্য করে নৌ-অবরোধ আরোপ করেছে আমেরিকা। গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে মার্কিন সামরিক বাহিনী সাময়িকভাবে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখবে। তবে তিনি বলেন, মার্কিন নৌ-অবরোধ ‘পুরোদমে কার্যকর’ থাকবে।

সূত্র: আনাদোলু

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading