এক দশক পরে স্বাগতার তিন ছবি

এক দশক পরে স্বাগতার তিন ছবি

উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৩:১৩

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী স্বাগতাকে চলচ্চিত্রেও দেখা গেছে মাঝে মাঝে। প্রায় এক দশক পরে তিনি অভিনয় করলেন নতুন তিনটি চলচ্চিত্রে।

স্বাগতা অভিনীত নতুন ছবি তিনটি হচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ এবং অন্য দুটি নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘মানুষের বাগান’।

স্বাগতা জানান, একেবারে নীরবে ছবি তিনটির শুটিং শেষ করেছেন। ইচ্ছে করেই তিনি খবরটি কাউকে জানাননি।

স্বাগতা বলেন, ‘গল্প ভালো না লাগলে ছবিতে কাজ করার আগ্রহ পাই না। সর্বশেষ যে ছবিটির কাজ করেছিলাম, সেটি সরকারি অনুদানের ছিল, গল্পও ভালো লেগেছিল। এরপর কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও গল্প ভালো লাগেনি। নতুন তিনটি ছবির গল্প ভীষণ ভালো লেগেছে। কাউকে জানাতে চাইনি, চেয়েছি আগে শুটিং শেষ হোক, তারপর জানাব।’

স্বাগতা আরও বলেন, ‘আমি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সরকারি অনুদানের ছবিতে কাজ করার একটা সুপ্ত ইচ্ছে ছিল। “সূচনা রেখার দিকে’’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে অনেক বেশি আনন্দিত হয়েছিলাম। চরিত্রটি অনেকটা স্বপ্নের মতো ছিল।’

‘সূচনা রেখার দিকে’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন স্বাগতা। এর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমার কোনো গানে কণ্ঠ দেন তিনি।

সাড়ে তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে স্বাগতা সিনেমায় অভিনয় শুরু করেন। তার প্রথম সিনেমা ‘লিনজা’। এরপর একে একে ‘সম্মান’, ‘সতীপুত্র আবদুল্লাহ’ ও ‘টপ মাস্তান’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৬ সালে স্বাগতা প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ‘শত্রু শত্রু খেলা’ সিনেমায়। এতে স্বাগতা অভিনয় করেন মান্নার বিপরীতে। এ ছাড়া ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’, ‘ডুবসাঁতার’ ও ‘ফিরে এস বেহুলা’ সিনেমায়ও অভিনয় করেছেন স্বাগতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading