বাইডেনের স্থগিতাদেশ আটকে দিলেন ট্রাম্পের নিয়োগ দেয়া বিচারক
উত্তরদক্ষিণ | বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৫৫
অনুমোদনহীন অভিবাসীদের বহিষ্কার করার কার্যক্রম ১০০ দিন পর্যন্ত স্থগিত রাখার নির্বাহী আদেশ দিয়েছিলেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই আদেশ আটকে দিয়েছেন দেশটির এক ফেডারেল আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ আদেশ দিয়েছেন আমেরিকার সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের জেলা বিচারক। আদালতের এই আদেশের ফলে পুরো আমেরিকা আগামী ১৪ দিন পর্যন্ত বাইডেনের আদেশ স্থগিত থাকবে।
আমেরিকার সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের জেলা বিচারক বিচারক ড্রিউ টিপটনকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিপটন বলেন, ‘অভিবাসী বহিষ্কার কার্যক্রম ১০০ দিন স্থগিত রাখার পক্ষে বাইডেন প্রশাসন কোনো শক্তিশালী, যৌক্তিক ন্যায্যতা প্রমাণ করতে পারেনি।’
উভয় পক্ষই এ বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ জমা দেওয়ার পর আদালতের এই আদেশের বিরুদ্ধে বাইডেন প্রশাসন আপিল করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, জো বাইডেন তার নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হওয়ার পর তিনি অভিবাসী বহিষ্কার কার্যক্রম ১০০ দিন পর্যন্ত বন্ধ রাখবেন। দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাহী আদেশের মাধ্যমে তিনি তার কথা রাখেন। ট্রাম্পের অভিবাসী নীতির সঙ্গে বাইডেন প্রশাসনের এই নীতি পুরোপরি সাংঘর্ষিক। টিপটনের এই আদেশ বাইডেন প্রশাসনের বিরুদ্ধে প্রথম কোনো আইনি চ্যালেঞ্জ। আমেরিকার অভিবাসন নিয়ে বাইডেনের আরো পরিকল্পনা রয়েছে। এগুলোর মধ্যে আছে অভিবাসন আইনজীবীদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্রের অবৈধ এক কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়া।

