গ্রেফতার রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই

গ্রেফতার রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির ভাই

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৫:৪৭

রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মস্কোর অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তার টিম।

বুধবার (২৭জানুয়ারি) রাজধানী মস্কোতে নাভালনির দলের বিভিন্ন দপ্তরে ও তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বেশ কয়েকটি বাড়ি, প্রতিষ্ঠানেও পুলিশ তল্লাশি চালায় বলে তার টিমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ৪৪ বছর বয়সী নেতা নাভলনিকে গত বছর অগাস্টে রাসায়নিক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি।

জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে উঠেন এবং গত ১৭ জানুয়ারি দেশে ফেরেন। এরপর বিমানবন্দরেই গ্রেপ্তার হন নাভালনি।

অর্থ আত্মসাৎ মামলায় স্থগিত দণ্ডের প্যারোলের শর্ত লঙ্ঘনের দায়ে পরদিন মস্কোর একটি আদালত তাকে ৩০ দিনের আটকাদেশ দেয়। তারপরই সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানান এই নেতা।

গত শনিবার নাভালনির মুক্তির দাবিতে রাশিয়ার শতাধিক শহরে তার হাজার হাজার সমর্থক বিক্ষোভ সমাবেশ করেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ওই দিন নাভালনির স্ত্রীসহ তিন হাজার ৫০০ জনেরও বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। আটকের কয়েক ঘণ্টা পর তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।

রাশিয়া পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে নাভালনির সমর্থকদের বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে। অপরদিকে বিরোধীদলীয় নেতাকর্মীদের দমনপীড়ন ও ধরপাকড়ের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়া সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে খবর হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading