কক্সবাজার হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন

কক্সবাজার হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৩৭

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে হাসপাতালে কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তপক্ষ।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকু-উস-সালেহীন জানান, বৃহস্পতিবার সকালে গঠিত পাঁচ সদস্যের এ কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালের নিচতলার সরঞ্জামাদি মজুদ রাখার একটি কক্ষে হঠাৎ আগুন লাগে।

এ সময় ছোটাছুটি করতে গিয়ে রোগী ও স্বজনসহ অন্তত অর্ধশত লোক আহত হন।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রফিকু-উস বলেন, হাসপাতালের নিচতলার একটি স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডের সময় ঝুঁকি এড়াতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাতেই এসব রোগীদের হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

তিনি বলেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এ ঘটনায় হাসপাতালের কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading