ভাসানচরের উদ্দেশে যাচ্ছে রোহিঙ্গাদের গাড়িবহর
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪৪
তৃতীয় দফায় ১৭টি বাসে করে কক্সবাজারের উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে রোহিঙ্গারা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাবোঝাই ১৭টি যানবাহন সারিবদ্ধভাবে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে। এসব পরিবহনে সাড়ে আট শর বেশি রোহিঙ্গা আছেন। রাত আটটা নাগাদ পরিবহনগুলো চট্টগ্রামে পৌঁছাবে।
বিকেলের দিকে আরও কিছু বাসে করে হাজার খানেক রোহিঙ্গার চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা আছে। আগামীকাল শুক্রবার (২৯ জানুয়ারি) দ্বিতীয় দফায় আরও দেড় হাজার রোহিঙ্গাকে উখিয়া থেকে চট্টগ্রাম পাঠানো হবে। এরপর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তিন হাজার রোহিঙ্গাকে নৌপথে ভাসানচরে নেওয়া হবে।
নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে তৃতীয় দফায় (প্রথম অংশে) সাড়ে আট শতাধিক রোহিঙ্গা রওনা হওয়ার কথা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুর-দ্দৌজা নয়ন।
গত বছরের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে। এর মধ্যে ৮০১ জন পুরুষ, ৯৮৭ জন নারী এবং ১ হাজার ৬৫৮টি শিশু। তার আগে গত বছরের মে মাসে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যায় সরকার।
প্রসঙ্গত, মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে বাংলাদেশে ঠাঁই নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১০ লক্ষাধিক। রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রগুলোয় চাপ কমাতে দুই বছর আগে অন্তত এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা মোহনার ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

