ভাসানচর পৌঁছেছে আরো ১৭৭৮ রোহিঙ্গা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৯:২১
ভাসানচর পৌঁছেছে আরো ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় পতেঙ্গা নৌঘাট থেকে নৌ-বাহিনীর চারটি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে।
এসব রোহিঙ্গাকে বৃহস্পতিবার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়। সেখানে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রমশেষে বাস যোগে নগরের বিএএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামছুদ্দৌজা সাংবাদিকদের জানান, আগামীকাল শনিবার আরও প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে। তারা ৩৫টি বাসে করে আজ চট্টগ্রামে পৌঁছবে এবং আগামীকাল সকাল ৯টায় ভাসানচরের উদ্দেশে যাত্রা করবে। খবর বাসসের।
সরকার রোহিঙ্গাদের জন্য নিজস্ব অর্থায়নে নোয়াখালী জেলার ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলে। গত ৩ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচর নেওয়ার মধ্য দিয়ে কক্সবাজার থেকে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয় দফায় ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়।

