শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে : এলজিআরডি মন্ত্রী
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট : ২১:০৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিচক্ষণ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত ‘উন্নয়ন অগ্রযাত্রা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। তাঁকে হত্যা না করলে ২০০০ সালে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত হতো। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। পরবর্তী ২১ বছর পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সবকিছুই ক্ষতবিক্ষত হয়েছে।’
তিনি বলেন, ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে এসে শেখ হাসিনা বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটেছেন। মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনেছেন। তার পদচিহ্ন এই সিলেটেও রয়েছে।
মো. তাজুল ইসলাম বলেন, “১৯৯৬ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দেন। তিনি জানতেন বিদ্যুৎ উৎপাদন ছাড়া শিল্প-উৎপাদন সম্ভব নয় এবং শিল্পায়ন না হলে কর্মসংস্থান হবে না। তাই তিনি বিদ্যুৎ উৎপাদনে সর্বপ্রথম ব্যাপক কর্মসূচী গ্রহণ করেন। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা অনুযায়ি কাজ শুরু করেন। এ কারণে পাঁচবছরে দেশের উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।”
তিনি বলেন, “২০০৮ সালে আবারও ক্ষমতায় এসে শেখ হাসিনা উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখান। তখন ৫শ ডলার মাথাপিছু আয় থাকলেও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। যদিও সেদিন তাঁর বক্তব্যের অনেক সমালোচনা হয়েছে। অবাস্তব মনে হলেও এখন তা বাস্তব মনে হচ্ছে।”
মন্ত্রী বলেন, “শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব ও পরিকল্পনায় বিদ্যুৎ, যোগাযোগ, শিল্পায়ন, স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন আর কেউ আমাদেরকে ভিক্ষুকের জাতি বলে না। এটা কেবল শেখ হাসিনার নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে।”
তিনি বলেন, “পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনার সরকারকে অসম্মানিত করার জন্য এটা করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা ঘোষণা দিয়েছিলেন নিজেদের টাকায় পদ্মাসেতু হবে। পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব।”
এলজিআরডি মন্ত্রী আরও বলেন, “শেখ হাসিনার জন্যই আমরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পেরেছি। স্বল্প উন্নত দেশ থেকে ইতোমধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছি।”
তিনি সারাদেশে উন্নয়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, “দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া কোন উন্নয়ন টেকসই হয় না। তাই সিলেট সিটিসহ দেশের সব উন্নয়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

