যেভাবে হলো এফসি বার্সেলোনা
ফিচার| উত্তরদক্ষিণ
মুদ্রিত সংস্করণ: রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ০০:০১
সুইস ব্যবসায়ী হ্যান্স ম্যাক্স গাম্পার মূলত রওনা দিয়েছিলেন আফ্রিকার উদ্দেশ্যে, সেখানটায় কিছু চিনিকল কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে দেখভাল করতে। তখনকার যে যাতায়াত-ব্যবস্থা, তাতে সুইজারল্যান্ড থেকে আফ্রিকা অঞ্চলটায় যেতে হলে পেরোতে হতো বার্সেলোনা শহর, গাম্পারের এক চাচা তখন ওখানেই থাকেন। একই শহর দিয়ে যখন যেতে হবেই, তখন চাচার বাড়ি বেড়িয়ে গেলে মন্দ হয় না। এই ভেবে গাম্পার দিনকতকের জন্যে আস্তানা গেড়েছিলেন বার্সেলোনায়। বার্সেলোনার সঙ্গে তার পাকাপাকিভাবে চিত্রকল্পটা বিধাতা আঁকতে শুরু করেছিলেন ঐ মুহূর্তেই!
একদম প্রথম দর্শনেই বার্সেলোনাকে ভালো লেগে গিয়েছিল বলে গাম্পার দাঁড়ি বসিয়েছিলেন আফ্রিকা গমনের পরিকল্পনায়, সঙ্গে সঙ্গে নিজের সুইস নাম বদলে বেছে নিয়েছিলেন এক কাতালান নাম, হুয়ান গাম্পার। বার্সেলোনাতেই কিছু একটা করবেন ঠিক করে প্রথমে হয়েছিলেন ক্রেদি লিওনেঁর অ্যাকাউন্ট্যান্ট। চাকরি করেছিলেন সারিয়া রেলওয়ে কোম্পানি আর দু’টো সুইস পত্রিকার ক্রীড়া প্রতিবেদক হিসেবেও। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করেছিলেন ‘লস দেপোর্তেস’ নামের এক ম্যাগাজিন।
কিন্তু এই ব্যবসায়ী গাম্পারের আড়ালে অন্য এক গাম্পারও তো লুকিয়ে ছিলেন, যিনি হতে চাইতেন ক্রীড়াবিদ, ভালোবাসতেন খেলতে। ছোটবেলা থেকে রাগবি-টেনিস-গালফ কিংবা এই জাতীয় খেলা খেলে বড় হওয়া এই মানুষটির মূল ঝোঁক ছিল ফুটবলে। সুইজারল্যান্ডে থাকাকালীন তো তাকে ফুটবল দলে ভেড়াতে রীতিমতো কাড়াকাড়ি পড়তো দলগুলোর ভেতরে। বার্সেলোনায় এসে থিতু হবার আগেই খেলেছিলেন এফসি বাসেল, এফসি উইন্টারথারের মতো সব ক্লাবে, বয়স ২২ পেরোবার আগেই গড়ে তুলেছিলেন এফসি জুরিখ ক্লাব। বার্সেলোনায় এসেও ব্যবসার ফাঁকেতালে কী করে ফুটবল খেলা যায়, গাম্পার ভাবছিলেন তা-ই। এই দল গড়ে তুলবার জন্যে ‘লস দেপোর্তেস’ ম্যাগাজিনে ১৮৯৯ সনের ২২ অক্টোবর তারিখে হুয়ান গাম্পার ছাপালেন ৮ লাইনের এক বিজ্ঞাপন।
তাতে বললেন, ‘একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করতে চাই। আগ্রহীরা আগামী ২৯ অক্টোবর তারিখে, রাত ৯টা থেকে ১১টার মধ্যে চলে আসবেন জিমনাসিয়া সোলেতে।’
গাম্পারের ডাকে সাড়া দিয়ে ২৯ অক্টোবর, ১৮৯৯ তারিখে জিম সোলের অফিসে জড়ো হয়েছিলেন গুয়ালতেরি ওয়াইল্ড, লুইস ডি’অসো, বার্তোমেউ তেরাদোস, ওতো কুঞ্জলে, ওতো মায়ের, এনরিক দুকাল, পিরে ক্যাবট, কার্লেস পুজেল, জোসেপ লোবেট এবং জন আর উইলিয়াম পারসন।
একদল ইংরেজ প্রবাসীর সঙ্গে বোনানোভা সাইকেল ট্র্যাকে গাম্পাররা খেলেছিলেন বার্সেলোনার ইতিহাসের প্রথম ম্যাচ। ম্যাচটা অবশ্য বার্সেলোনা হেরেছিল ১-০ ব্যবধানে। শুরুটা হার দিয়ে হলেও স্পেনের শীর্ষ দল হিসেবে বার্সা নাম কামিয়ে নিয়েছিল আবির্ভাবের প্রায় সঙ্গে সঙ্গেই। ১৯০২ সালে ‘কোপা মাকায়া’ জিতে ট্রফি ক্যাবিনেটে এসেছিল প্রথম শিরোপা।

