অল ব্রাজিলিয়ান ফাইনালে বিজয়ী পালমেইরাস
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৪:৫০
২০২০ কোপা লিবের্তাদোরেসের ‘অল ব্রাজিলিয়ান’ ফাইনাল জিতে শিরোপা উল্লাসে মাতল পালমেইরাস। ১৯৯৯ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সমতুল্য দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার শিরোপা জিতল পালমেইরাস।
ব্রাজিলের রিও ডে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শনিবারের শিরোপা লড়াইয়ে ১-০ গোলে জিতেছে সাও পাওলোর ক্লাবটি।
শুরুর আগে ম্যাচ ঘিরে ছিল রোমাঞ্চের রসদ। তবে গ্রীষ্মের তাপদাহে মাঠের ফুটবল দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কমই। নিরাপদ পথে হেঁটে দুই দলই ঘর সামলে পাল্টা আক্রমণে ওঠার পরিকল্পনায় মাঠে নেমেছিল।
ফলে, প্রথমার্ধে কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সান্তোস লক্ষ্যে কয়েকটি শট নিলেও তা পালমেইরাস গোলরক্ষক ওয়েভেরতনকে পরীক্ষায় ফেলতে পারেনি।
ফাইনালের সাদামাটা লড়াইয়ে ফুটবলপ্রেমীদের তৃষ্ণা না মিটলেও তা পালমেইরাসের বাঁধভাঙা শিরোপা উল্লাসে কোনো ছাপ ফেলেনি।
প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল গত বছর নভেম্বরে। কিন্তু করোনাভাইরাসে কারণে তা পিছিয়ে যায়।
পালমেইরাসের সঙ্গে মৌসুমটা দুর্দান্ত কাটছে কয়েক মাস আগে দলটির দায়িত্ব নেওয়া পর্তুগিজ কোচ আবেল ফেরেইরারও। গত অগাস্টে পাওলিস্তা স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছে দলটি। আগামী মাসে তারা খেলবে ব্রাজিলিয়ান কাপের ফাইনালে, প্রতিপক্ষ গ্রেমিও।

