হাসিনা-মোদির বৈঠক হতে পারে ২৭ মার্চ
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ১৭:৫৭
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারেন। ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে পারে বলে।
রবিবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র সচিব।
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পর রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা ভারতকেও আশা করছি। আমরা সেখানে (দিল্লিতে) আলোচনা বলেছি, রাখাইনে ভারত, জাপান, আসিয়ানের অন্যান্য দেশও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।
মাসুদ বিন মোমেন বলেন, দিল্লি সফরকালে পানিবণ্টন ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানিচুক্তি নিয়ে আলোচনাও হয়েছে উভয়পক্ষের মধ্যে। তিস্তা চুক্তি নিয়ে আমাদের মধ্যে হতাশা রয়েছে। তবে এ চুক্তির জন্য আমরা আশাবাদী।

