মন্ত্রীকে চিঠি লিখে বাংলাদেশের প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব
উত্তরদক্ষিণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট : ২০:০০
বাংলাদেশের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে এক চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো এক চিঠির জবাবে ওই চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে নতুন করে কাজ করবে জাতিসংঘ। এই সংকট নিরসনে জাতিসংঘ বাংলাদেশের পাশে দাঁড়াবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে।’
রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের রাখাইন অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়নে সংস্থাটি সচেষ্ট বলে জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।

